কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

প্রকাশ :
সংশোধিত :

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন (৮৬)। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে রমেশ চন্দ্র সেন হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, সকাল ৯টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অনুপম পাল তাকে ‘ব্রট ডেথ’ (হাসপাতালে আনার আগেই মৃত্যু) ঘোষণা করেন।
জেলার ফরহাদ সরকার বলেন, “গত ১৭ আগস্ট তাকে এই কারাগারে আনা হয়েছিল। তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন এবং আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।”
রমেশ চন্দ্র সেন কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ১৭ আগস্ট ঠাকুরগাঁওয়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মহাজোট সরকারের পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করেন।


For all latest news, follow The Financial Express Google News channel.